বেপারোয়া গতিতে বাসের ওভারটেকিং, একটুর জন্য বেঁচে গেলেন ববির দুই শিক্ষার্থী
ঢাকা থেকে বরগুনাগামী গ্রিনভিউ বাসের বেপরোয়া গতিতে ওভারটেকিং করার সময় দূর্ঘটনা থেকে একটুর জন্য বেঁচে গেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই শিক্ষার্থী। তারা হলেন- ইংরেজি বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী নিলয় এবং আইন বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী সামিউল।
জানা গেছে, রাত ১১ টার সময় গ্রিনভিউয়ের একটি যাত্রবাহী বাস বিশ্ববিদ্যালয় সংলগ্ন দপদপিয়া সেতুর উপর একটি অটোকে চাপা দেওয়ার চেষ্টা করে। এসময় সেতুর রেলিংয়ের সাথে লেগে হাত কেটে যায় অটোতে থাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সামিউলের। একই সঙ্গে ইরেজি বিভাগের শিক্ষার্থী নিলয় আঘাত প্রাপ্ত হন। পরবর্তীতে শিক্ষার্থীরা বাসটিকে আটক করে ও বাসচালককে মারধর করেন।
ঘটনার পর পরই ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টর উপস্থিত হন এবং আহতদের ক্ষতিপূরণ হিসেবে ২৫ টাকা দাবি করেন।
ভুক্তভোগী আহত হওয়া আইন বিভাগের শিক্ষার্থী সামিউল বলেন, “আমরা ব্রিজের ওপর অটোতে ছিলাম। গ্রিনভিউয়ের ঢাকা থেকে বরগুনাগামী বাসটি আমাদের ব্রিজের ওপর চাপা দেয়। ব্রিজের রেলিংয়ের সাথে চাপ পড়ে আমার হাত কেটে গেছে।”
আরেক আহত শিক্ষার্থী নিলয় বলেন, “আমাদের সেতুর উপর বাস চাপার চেষ্টা করা হয়। আল্লাহ আমাদের কোনমতে রক্ষা করেছেন। আমরা চাই এই দপদপিয়া সেতুর উপর দুর্ঘটনা আর না ঘটুক, এর স্থায়ী সমাধান চাই।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসেন ফয়াসল জানান, “আমরা সমাধানের জন্য চেষ্টা করতেছি। আর স্থায়ী সমাধান তখনই হবে, যখন দপদপিয়া ফেরিঘাটের পাশে যে আরেকটি ব্রিজ হওয়ার কথা আছে সেইটা শেষ হলেই।”
উল্লেখ্য, আহতদের জন্য ১৫ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়ে রাত ১২ টার দিকে বাসটি ছাড় পায়।