জাবিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে আন্দোলনকারী শিক্ষার্থীদের বাঁধা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারী শিক্ষার্থীদের প্রতি অশোভন আচরণের অভিযোগকে কেন্দ্র করে প্রক্টর অফিসের সামনে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসময় পেশাগত দায়িত্ব পালনকালে উপস্থিত সাংবাদিকদের বাঁধা প্রদান এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও “গুপ্ত, গুপ্ত” বলে রাজনৈতিক ট্যাগিং করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
রোববার (১৭ মে) রাত দশটায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, এর আগে তিনজন যুবককে প্রক্টর অফিসে নিয়ে আসেন শিক্ষার্থীরা। সেখানে জড়ো হন তারা। একপর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও উপাচার্যকে উদ্দেশ্য করে অশালীন ও আপত্তিকর ভাষায় স্লোগান ও গালিগালাজ করতে দেখা যায়।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন ও অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করলে তাদেরও বাঁধার মুখে পড়তে হয়।
কয়েকজন সাংবাদিক অভিযোগ করেন, শিক্ষার্থীদের একটি অংশ তাদের ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভিডিও ধারণ ও তথ্য সংগ্রহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
পরবর্তীতে অভিযুক্তদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
