জাবির শহীদ সালাম-বরকত হলে আন্তঃহল স্পোর্টস টুর্নামেন্ট সম্পন্ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হলের ৫২তম আবর্তনের উদ্যোগে আয়োজিত ‘আন্তঃহল স্পোর্টস টুর্নামেন্ট-২০২৬’ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। দাবা, ক্যারাম, বল নিক্ষেপ ও লুডুসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে হল প্রাঙ্গণ। পাশাপাশি সিনিয়র শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিশেষ প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, দাবা প্রতিযোগিতায় ১৬ জন প্রতিযোগী চারটি গ্রুপে অংশ নেন। এতে ৫১তম আবর্তনের হাবিব চ্যাম্পিয়ন হন। দ্বিতীয় স্থান অর্জন করেন মওলানা ভাসানী হলের ৫৫তম আবর্তনের সুবির। তৃতীয় হন ৫১তম আবর্তনের আশিক এবং চতুর্থ স্থান অর্জন করেন আল-বিরুনী হলের ৫৫তম আবর্তনের অভি।
ক্যারাম প্রতিযোগিতায় ১২ জন প্রতিযোগী তিনটি গ্রুপে অংশ নেন। এতে ৫৫তম আবর্তনের রিয়াদ প্রথম এবং ৫৩তম আবর্তনের আতিক দ্বিতীয় স্থান অর্জন করেন। বল নিক্ষেপ প্রতিযোগিতায় ২৮ জন অংশগ্রহণকারীর মধ্যে ৫৫তম আবর্তনের আপেল মাহমুদ প্রথম এবং একই আবর্তনের মুজিব দ্বিতীয় হন। লুডু প্রতিযোগিতায় ২০ জন প্রতিযোগী পাঁচটি গ্রুপে অংশ নেন। এতে ৫৫তম আবর্তনের রাফি প্রথম এবং একই আবর্তনের মুজিব দ্বিতীয় স্থান অর্জন করেন।
এ ছাড়া সিনিয়র শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে আয়োজিত বিশেষ প্রতিযোগিতায় হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল হালিম প্রথম, সিয়াম স্যার দ্বিতীয় এবং ৫২তম আবর্তনের আব্দুল মোত্তালেব সুইট তৃতীয় স্থান অর্জন করেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৫৫তম আবর্তনের সব শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল হালিম বলেন, “শিক্ষার্থীদের সৃজনশীল ও ক্রীড়ামুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে পারলে তারা মোবাইল আসক্তি, মাদকসহ নানা নেতিবাচক প্রবণতা থেকে দূরে থাকবে। শহীদ সালাম-বরকত হলের সুশৃঙ্খল পরিবেশ ও ক্রীড়া ঐতিহ্য ধরে রাখতে হল প্রশাসন সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে।”
টুর্নামেন্টের অন্যতম আয়োজক মো. সাহিদ তালুকদার বলেন, “মাদক ও অন্যান্য সামাজিক অবক্ষয় থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে খেলাধুলা কার্যকর ভূমিকা পালন করে। সুস্থ প্রতিযোগিতা ও ক্রীড়াচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মানসিকতা, শৃঙ্খলাবোধ এবং পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় হয়।”
অপর আয়োজক ৫২তম আবর্তনের মাইনুল ইসলাম শান্ত বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, সৌহার্দ্য ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুস্থ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার পাশাপাশি তাদের ইতিবাচক মানসিকতা ও দায়িত্ববোধ গড়ে তুলতে সহায়তা করে, যা একটি সুন্দর সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হল সংসদের ভিপি মারুফ হোসেন, জিএস মাসুদ রানা মিস্টু, হাবিবুর রহমান আসিফ, আব্দুল আলিফ, তাইফ আজিম, মো. সাহিদ তালুকদার, আব্দুল মোত্তালেব সুইট, মাইনুল ইসলাম শান্ত, সাইদুল ইসলাম মারুফ, মো. আবিদুর রহমান, লাজিম লিমন, মনির হুসাইন মিরনসহ হলের শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা, পারস্পরিক সম্প্রীতি, নেতৃত্বের বিকাশ এবং সুস্থ প্রতিযোগিতার সংস্কৃতি আরও সমৃদ্ধ করবে।
