রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মুটিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
আন্তর্জাতিক মুটিংয়ের কৌশল, আইনি গবেষণা এবং মৌখিক উপস্থাপনার দক্ষতা উন্নয়নের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অনুষ্ঠিত হয়েছে কর্মশালা।
বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে বিভাগের কনফারেন্স রুমে যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে রাবি’র আইন বিভাগ এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. সায়েদা আঞ্জু। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বিভাগের অধ্যাপক ড. আবু নাসের মো. ওয়াহিদ। অনুষ্ঠানে আন্তর্জাতিক মুটিংয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনবিদ ও মুটিং-সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
আয়োজকরা জানান, আন্তর্জাতিক মুটিংয়ে আগ্রহী শিক্ষার্থী ও নবীন আইনজীবীদের জন্য এ কর্মশালা বাস্তব অভিজ্ঞতা অর্জন, মৌখিক অ্যাডভোকেসির দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক আইনচর্চার সঙ্গে পরিচিত হওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে।
কর্মশালার প্রথম অধিবেশনে ‘বক্তব্যে স্বকীয়তা অর্জন: মৌখিক ওকালতির ভিত্তি’ শীর্ষক সেশনে বক্তব্য দেন তাহসিন বিন জাফর। তিনি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক এবং ঢাকা বার অ্যাসোসিয়েশনের নিবন্ধিত আইনজীবী। এ অধিবেশনে তিনি কার্যকর মৌখিক উপস্থাপনা, যুক্তি প্রদর্শনের মৌলিক কৌশল এবং আদালতে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য উপস্থাপনের বিষয়গুলো তুলে ধরেন।
দ্বিতীয় অধিবেশনে ‘আদালতে দক্ষ উপস্থাপনা: মৌখিক পর্বের উন্নত কৌশল’ শীর্ষক সেশন পরিচালনা করেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ফাহিম আবরার আবিদ। তিনি বাংলাদেশ সোসাইটি অফ ইন্টারন্যাশনাল ল-এর প্রতিষ্ঠাতা এবং একজন ইরাসমাস মুন্ডাস স্কলার। এ সেশনে উন্নত পর্যায়ের মৌখিক যুক্তি উপস্থাপন, বেঞ্চের প্রশ্ন মোকাবিলা এবং আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় সফলতার কৌশল নিয়ে আলোচনা করা হয়।
তৃতীয় অধিবেশনে ‘মামলা বিনির্মাণের কৌশল: মেমোরিয়াল প্রণয়ন ও আইনি গবেষণার নৈপুণ্য ’ শীর্ষক সেশনও পরিচালনা করেন ফাহিম আবরার আবিদ। এতে কার্যকর মেমোরিয়াল প্রণয়ন, আইনি গবেষণার পদ্ধতি এবং গবেষণাভিত্তিক যুক্তি নির্মাণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আইন বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলাম সন্ধি ও রিফা তাসফিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল আলিম।
