নিরাপত্তা, চিকিৎসা ও আবাসন নিয়ে দাবি তুলে ধরলেন জাকসু ভিপি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবাগত ৫৫তম আবর্তনের শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে তিনটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছেন জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু।
শুক্রবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের আয়োজিত প্রবেশিকা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
বক্তব্যে জিতু বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ে আগত তিনটি ব্যাচের জন্য শতভাগ আবাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে কাগজে-কলমে সীমাবদ্ধ থাকা আবাসিক বিশ্ববিদ্যালয়ের ধারণা বাস্তব রূপ পেয়েছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীরা যৌথভাবে ক্যাম্পাসকে গণরুম, গেস্টরুম ও সহিংস রাজনৈতিক সংস্কৃতিমুক্ত করে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে।
এ সময় তিনি শিক্ষামন্ত্রীর কাছে তিনটি দাবি উত্থাপন করেন। প্রথমত, সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ও আবাসনের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।
দ্বিতীয়ত, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে পূর্ণাঙ্গ চিকিৎসাকেন্দ্রে উন্নীত করার দাবি জানান জিতু। তিনি বলেন, প্রায় ১৪ হাজার শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর জন্য একটি আধুনিক ও কার্যকর মেডিকেল সেন্টার অত্যন্ত প্রয়োজন। পাশাপাশি নতুন অ্যাম্বুলেন্স সরবরাহের বিষয়েও সরকারের সহযোগিতা কামনা করেন।
তৃতীয়ত, নবীন শিক্ষার্থীদের জন্য র্যাগিং ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম ও গণরুম সংস্কৃতির কোনো স্থান নেই। কোনো শিক্ষার্থী এমন পরিস্থিতির মুখোমুখি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জাকসুর অ্যান্টি-র্যাগিং সেলকে দ্রুত অবহিত করার আহ্বান জানান তিনি।
নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে জিতু বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ধারণ করে। এ পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
