‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ হলের নাম ফেরানোর দাবি অধ্যাপক শামীম কায়সারের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ হলের নাম পুনর্বহালের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক শামীম কায়সার।
শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের ৪৩তম বার্ষিক সিনেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি জানান।
বক্তব্যে অধ্যাপক শামীম কায়সার বলেন, “আমার কথাকে কেউ রাজনৈতিকভাবে নেবেন না। আমি মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো একক রাজনৈতিক দলের লোক নন। তিনি বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই মাননীয় সভাপতি, আপনি বিবেচনা করে দেখবেন যে বঙ্গবন্ধু হলের নাম পুনর্বহাল করা যায় কি না।”
তার এ বক্তব্যের পর সিনেটে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়। তবে এ বিষয়ে অধিবেশনে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
উল্লেখ্য, গত বছর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনের অংশ হিসেবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ হলের নাম পরিবর্তন করা হয়। এ প্রেক্ষাপটে সিনেট অধিবেশনে হলটির পূর্বের নাম পুনর্বহালের দাবি উত্থাপিত হলো।