জাবির টিএসসিতে নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণ, বহিরাগত যুবক আটক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে এক বহিরাগত যুবককে আটক করা হয়েছে। ঘটনাটি বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মঙ্গলবার (৩০ জুন) রাত আনুমানিক আড়াইটার দিকে টিএসসির নারী ওয়াশরুমে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে শিক্ষার্থীরা ওই যুবককে আটক করেন। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের কাছে তাকে হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তির নাম রিয়াজ আহমেদ (রাজ)। তার বাড়ি কেরানীগঞ্জে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অভিযুক্ত ব্যক্তি মোবাইল ফোন ব্যবহার করে নারী শিক্ষার্থীদের ব্যক্তিগত মুহূর্ত গোপনে ধারণের চেষ্টা করছিলেন। বিষয়টি টের পেয়ে শিক্ষার্থীরা দ্রুত তাকে আটক করেন। পরে তার মোবাইল ফোন জব্দ করে প্রয়োজনীয় তদন্তের উদ্যোগ নেওয়া হয়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম জানিয়েছে, ঘটনাটি আসলেই অত্যন্ত নিন্দাজনক। আমরা খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে আমাদের প্রক্টরিয়াল টিম পৌঁছে যায়। পরে সেই অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এদিকে এমন ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা ক্যাম্পাসে বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ওয়াশরুমসহ সংবেদনশীল এলাকায় নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। পাশাপাশি ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
