আ. লীগের পক্ষে ফেসবুক পোস্ট করায় ইবি শিক্ষার্থী আটক
আওয়ামীলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে ফেসবুকে স্টাটাস এবং ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে পরীক্ষারত অবস্থায় তাকে আটক করে ক্যাম্পাসস্থ ইবি থানায় সোপর্দ করা হয়। আটক হওয়া শিক্ষার্থীর নাম আকিব মাসুদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আরও পড়ুন- আওয়ামী লীগের পক্ষে ফেসবুক পোস্ট : আটক ইবি শিক্ষার্থী
জানা যায়, সকাল ৯টা থেকে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের তৃতীয় তলায় ৪র্থ বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা দিচ্ছিলেন আকিব। তিনি জুলাই বিপ্লবের পরে আরও দুই সেমিষ্টার পরীক্ষা দিয়েছেন। বেলা ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী তাকে আটক করতে ভবনের সামনে গিয়ে অবস্থান নেয়।
এসময় শিক্ষার্থীরা তাকে পরীক্ষার হল থেকে আটক করে মারধর করতে গেলে প্রক্টরিয়াল বডির সদস্যরা ওই শিক্ষার্থীকে উদ্ধার করে বিভাগের সভাপতির রুমে নিয়ে যান। পরিস্থিতি স্বাভাবিক হলে প্রক্টরিয়াল বডি তাকে থানায় সোপর্দ করে।
শিক্ষার্থীদের অভিযোগ, আকিব নিয়মিত ফেসবুকে আওলামীলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন পোস্ট দিয়ে আসছেন। সে আওয়ামী লীগকে একত্রিত করার চেষ্টা করছেন। এছাড়া আকিব পারিবারিকভাবে আওয়ামী লীগের অনুসারী।
এদিকে আটক হওয়া আকিব মাসুদ বলেন, “ফেসবুকে পোস্ট যেগুলো শেয়ার দিয়েছি তা মূলত আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য না। তাতে জুলাইয়ের পরে বাংলাদেশের কার্যক্রম নিয়ে বিশ্লেষণধর্মী লেখা। যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজুল ইসলামের লেখা।”
তিনি আরও বলেন, “আমরা পারিবারিকভাবে রাজনীতিতে যুক্ত থাকলেও সক্রিয় না। তাছাড়া জুলাইয়ের হত্যাযজ্ঞ দেখে আমিও গণহত্যার পক্ষে ছিলাম না।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “শিক্ষার্থীরা আটক করে আমাদের কাছে হস্তান্তর করলে থানায় সোপর্দ করা হয়েছে। বিষয় আইন শৃঙ্খলা বাহিনী সিদ্ধান্ত নেবে।”
প্রসঙ্গত, গতকাল শনিবারও বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাগর আহমেদকে আটক করা হয়। তিনিও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে প্রচারণা চালাতেন।
ফেসবুকে পোস্ট দেওয়ার বিষয় স্বীকার করলেও ছাত্রলীগের সাথে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, “এটা সত্য যে আমি ফেসবুকে পোস্ট দিয়েছি এবং আমার পরিবারও আওয়ামীলীগ করে। তবে আমি ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে কোথাও রাজনীতির সাথে জড়িত ছিলাম না।”