হঠাৎ শ্বাসকষ্ট বাড়ায় হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শ্বাসকষ্ট হঠাৎ তীব্র আকার ধারণ করায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ বেড়ে যাওয়ায় শ্বাসকষ্ট বৃদ্ধি পেয়েছে।
গতকাল রোববার রাত ৮টার দিকে শ্বাসকষ্ট বেড়ে গেলে জরুরি ভিত্তিতে তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে মেডিক্যাল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে।
মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী গতকাল সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়েছে। আগে থেকেই থাকা হৃদরোগের সাথে এই সংক্রমণ ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়ায় তার শ্বাসকষ্ট বেড়েছে। হাসপাতালে পৌঁছানোর পর তাৎক্ষণিকভাবে বিভিন্ন পরীক্ষা করে অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে।
আরও পড়ুন- ভূমিকম্প নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ : ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার
মেডিক্যাল বোর্ডের এক সদস্যরা জানান, সোমবারও তার নতুন পরীক্ষা করা হয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
এদিকে বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করা হয়েছে। লন্ডন থেকে তার বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান নিয়মিত খোঁজ নিচ্ছেন। ঢাকায় তার পাশে আছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।
প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ দীর্ঘদিন ধরে নানা জটিলতায় ভুগছেন। চলতি বছরের জানুয়ারিতে তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান এবং মে মাসে দেশে ফেরেন। দেশে ফেরার পরও কয়েক দফা তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।