নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে পাবিপ্রবিতে কর্মচারীবৃন্দের মানববন্ধন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কর্মচারীবৃন্দের আয়োজনে নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে প্রহসনের প্রতিবাদে ও ১৫ই ডিসেম্বর ২০২৫ এর মধ্যে বৈষম্য নিরসন পূর্বক নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় প্রশাসনিক ভবনের সামনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন এর আহ্বানে এই মানববন্ধন পালন করা হয়।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের ড্রাইভিং স্টাফ মো: আব্দুল আলিম বলেন, “আমি দীর্ঘদিন যাবৎ এখানে কর্মচারী পরিষদের সাথে যুক্ত। এখানে কর্মচারীদের যে জনদুর্ভোগ তা দীর্ঘদিনের। বর্তমানে আমাদের যে পে-স্কেল আছে তা দিয়ে নিত্য প্রয়োজনীয় বাজার-সদাই করে সংসার সেভাবে চালাতে পারি না। ছেলে-মেয়েদের পড়ার খরচ যোগাতে অনেক কষ্ট হয়। আমরা চাই নবম পে-স্কেল এই সরকারি যেনো বাস্তবায়ন করে।”
গেস্ট হাউস অ্যাটেনডেন্স মো: আল আমিন বলেন, “আমাদের বেতনে যে টাকা পাই, তা দিয়ে বাসা ভাড়া, সব খরচ দিয়ে দশ দিনের বেশি চলা কোনো কর্মচারীর পক্ষে সম্ভব না। আমরা অন্তত যেন ৩০ দিন চলতে পারি এটুকু আমরা চাই। আমরা তো বিলাসিতা চাচ্ছি না।”