খালেদা জিয়ার সুস্থতার জন্য আজ দেশব্যাপী বিএনপির দোয়ার আয়োজন
অসুস্থতা বাড়ায় রাজধানীর একটি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার দ্রুত সুস্থতার জন্য আজ শুক্রবার জুমার নামাজের পর সারাদেশে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে দলটি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিএনপির মিডিয়া সেল থেকে এ কথা জানানো হয়। বিএনপি মিডিয়া সেলের পাঠানো তথ্যে জানানো হয়, ‘মাদার অফ ডেমোক্রেসি’ খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশজুড়ে সকল মসজিদে দোয়া অনুষ্ঠান আয়োজন করা হবে।’
বিএনপি, তাদের অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়াও দেশের সকল স্তরের সাধারণ জনগণকে এই দোয়ায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।
আরও পড়ুন- হঠাৎ শ্বাসকষ্ট বাড়ায় হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া
বিএনপির পক্ষ থেকে শুধু মুসলিম সম্প্রদায় নয়, অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সদস্যদেরও নিজ নিজ উপাসনালয়ে—মন্দির, চার্চ ও প্যাগোডায় বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা করতে অনুরোধ করা হয়েছে।
এর আগে গত রোববার রাতে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। সেসময় জানা যায়, তার বুকে সংক্রমণ ধরা পড়েছে। আগে থেকেই থাকা হৃদরোগের সাথে এই সংক্রমণ ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়ায় তার শ্বাসকষ্ট বেড়েছে।
এরপর গতকাল বৃহস্পতিবার জানা যায়, বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে (কারোনারি কেয়ার ইউনিট) নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করার পর বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান।