শিশু-কিশোরদের পদচারণায় মুখর জাবির ১৫তম প্রজাপতি মেলা
প্রকৃতি সংরক্ষণ ও প্রজাপতি-বান্ধব পরিবেশ তৈরির আহ্বান নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ১৫তম প্রজাপতি মেলা।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় প্রাণিবিদ্যা বিভাগ আয়োজিত এ রঙিন আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’—এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত মেলাটি দেখতে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী দর্শনার্থীরা নানা প্রান্ত থেকে ক্যাম্পাসে ভিড় জমায়।
মেলার অন্যতম আকর্ষণ ছিল জহির রায়হান মিলনায়তনের সামনে তৈরি বিশেষ প্রজাপতি হাউজ। সাদা জালের ভেতরে সাজানো বিভিন্ন রঙের ফুলের টব ও উড়ন্ত প্রজাপতির সমারোহ দর্শনার্থীদের মুগ্ধ করে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এই বর্ণিল আয়োজন।
মেলায় শিশু-কিশোরদের জন্য ছিল প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, কুইজ, পাপেট শো, ডকুমেন্টারি প্রদর্শনী, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, ঘুড়ি উড়ানো এবং প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনীসহ নানা অনুষ্ঠান।
রাজধানীর উত্তরা থেকে দুই সন্তানকে নিয়ে মেলায় আসা দর্শনার্থী নাহিদা আক্তার বলেন, “মেলার কথা শুনে বাচ্চাদের নিয়ে এসেছি। প্রজাপতি, ছবি আঁকা, পাপেট শো—সবকিছুই বেশ উপভোগ করেছে ওরা। ঢাকা শহরে এমন আয়োজন খুব কমই দেখা যায়।”
প্রকৃতি সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. আলী রেজা খানকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। ‘বাটারফ্লাই ইয়াং এনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড’ পান জাবির প্রাক্তন শিক্ষার্থী নুরে আফসারী ও শাহরিয়ার রাব্বি তন্ময়। এছাড়া আলোকচিত্র প্রতিযোগিতায় পুরস্কার জেতেন সৈয়দ আব্বাস, মাহমুদুল বারি ও প্রিন্স পাল জয়।
এদিকে মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয় একুশে টিভির মো. আহসান হাবীব, দৈনিক স্বদেশ প্রতিদিনের মো. মিজানুর রহমান এবং বাংলাদেশ সংবাদ সংস্থার মাহ আলমকে।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য কামরুল আহসান বলেন, “প্রজাপতিসহ সব প্রাণীর প্রতি আমাদের মানবিক আচরণ করা উচিত। এগুলো আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ অংশ।”
তিনি আরও বলেন, কীটনাশকের বিকল্প ব্যবহার করে টেকসই উন্নয়নের পথে এগোলে এসব প্রাণী সুরক্ষিত থাকবে। পাশাপাশি সমাজে নৈতিকতা ও মূল্যবোধ পুনরুদ্ধারে সবার ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মানছুরুল হকসহ জীববিজ্ঞান অনুষদের শিক্ষক, জাকসু নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
দিনব্যাপী নানা আয়োজনে প্রাণবৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সমাপ্ত হয় এবারের রঙিন প্রজাপতি মেলা।