একক সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সাঁথিয়াবাসীর বিক্ষোভ-মানববন্ধন
জাতীয় সংসদের ৬৮ পাবনা-১ (সাঁথিয়া) একক সংসদীয় আসন বহাল রাখা ও একক আসনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের জাতীয় গাদ্দার ঘোষণার দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সাঁথিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাঁথিয়াবাসীর ব্যানারে উপজেলার সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘একটি কুচক্রী মহল সাঁথিয়া উপজেলা একক আসন নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। বেড়াকে আবারো সাঁথিয়ার সঙ্গে নেওয়ার পাঁয়তারা করছে। গুটিকয়েক লোক চায় না সাঁথিয়া উপজেলা একক আসন থাকুক।’
তারা বলেন, ‘আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, এ ধরনের দালালদের সাঁথিয়ায় ঠাঁই হবে না। একক আসন নিয়ে ষড়যন্ত্র সাঁথিয়াবাসী মেনে নেবে না। অবিলম্বে ষড়যন্ত্রকারীদের জাতীয় গাদ্দার স্বীকৃতি দিতে হবে। এছাড়াও সাঁথিয়ার মাটিতে এদের অবাঞ্ছিত ঘোষণা করতে হবে।’
বক্তব্যে আরও বলেন, ‘যারা কালো টাকার পাহার গড়ে কোর্টে গিয়ে খরচ করছেন, সাঁথিয়াবাসী আজীবনের জন্য আপনাদের ছুঁড়ে ফেলে দিবে। এই মাটিতে আর আপনাদের কোন ঠাঁই হবে না। যদি একক আসন বহাল রাখা না হয় তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারী দেন।’