ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন
দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা ত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে প্রধান উপদেষ্টার সরকারি ফেসবুক পেজের এক পোস্টে তিনি হাদির এ অবস্থার কথা জানান।
বিবৃতিতে বলা হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান আজ দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন।
আরও পড়ুন- ওসমান হাদিকে গুলি : ম্যাগাজিন ও গুলি উদ্ধার
বিবৃতিতে আরও বলা হয়, রাত ৯:৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।
এর আগে গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। গুলি তার মাথায় লাগে।
আশঙ্কাজনক অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
পরবর্তীতে আরও উন্নত চিকিৎসার জন্য সোমবার ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গারপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে ভর্তি করা হয়েছে তাকে।
শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ছিলেন তিনি। নির্বাচনী প্রচারণা থেকে ফেরার পথেই গুলি কার হয় তাকে।