হাদির মৃত্যুতে উত্তাল জাবি : বিচারের দাবিতে বিক্ষোভ ও শপথ পাঠ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচি শেষে হাদির অসম্পূর্ণ যাওয়া কাজ সম্পূর্ণ করার শপথ নেন জাকসু ভিপি ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি রফিক-জব্বার হল, পরিবহন চত্বর ও ছাত্রী হল অতিক্রম করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিল চলাকালে শিক্ষার্থীরা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘গোলামী না আজাদী, আজাদী-আজাদী’, ‘ভারতের আগ্রাসন ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ’, ‘শহীদের রক্ত বৃথা যেতে দেব না’ সহ বিভিন্ন শ্লোগান দেন।
মিছিল শেষে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জাকসু’র সমাজসেবা সম্পাদক আহসান লাবিব বলেন, “আমরা অনেক সহ্য করেছি, আর করব না। অনেক মার খেয়েছি, এবার আর মার খাব না। এবার আমরা প্রতিরোধ করব। হাদি ভাইয়ের অসম্পূর্ণ কাজ আমরা সম্পন্ন করব।”
সমাবেশে জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বলেন, “আওয়ামী লীগ ও ভারত আমাদের চিনতে পারেনি। তারা ভেবেছে হাদিকে হত্যার মাধ্যমে আমাদের কণ্ঠ রোধ করা যাবে। কিন্তু তারা জানে না—আমরা তিতুমীরের উত্তরসূরি। আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাবো।”
সমাপনী বক্তব্যে জাকসুর সহ সভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু বলেন, “আমাদের দেশের ৫৬ হাজার বর্গমাইলে কোনো আধিপত্যবাদী থাবা পড়তে দেব না। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। হাদির রেখে যাওয়া কাজ আমরা সম্পন্ন করব, ইনশাআল্লাহ।”
সমাবেশ শেষে জাকসুর ভিপি আবদুর রশিদ জিতুর নেতৃত্বে শিক্ষার্থীরা শরীফ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত এবং তাঁর আদর্শ বাস্তবায়নের শপথ নেন। শপথ পাঠের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।