হাদী হত্যার সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি জাবি ছাত্রদলের
জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ সালাম–বরকত হলের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল চলাকালে বিক্ষোভকারীদের ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে’, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে ছাত্রদল জাবি শাখার সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের সঞ্চালনায় ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য দেন এবং হাদী হত্যার বিচার দাবি করেন।
সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দেড় বছর পেরিয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধাদের ওপর বারবার হামলা চালানো হয়েছে। সরকার ওসমান হাদীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়াও সরকারের আরেকটি বড় ব্যর্থতা।”
বাবর দাবি করেন, অবিলম্বে হাদী হত্যার সঙ্গে জড়িত সকলকে চিহ্নিত করে প্রয়োজনে ইন্টারপোলের সহায়তায় দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এসময় সমাবেশে ছাত্রদল নেতা নবীনূর নবীন, শামসুজ্জামান সায়েম, জোবায়ের আহমেদ, জাকির হোসেন, রাজু হাসান রাজন, আব্দুল গাফফার, সৈয়দা অনন্যা ফারিয়াসহ বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।