জাবি ‘ডি’ ইউনিটের ফল আজ সন্ধ্যার মধ্যেই
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘ডি’ ইউনিটের ফলাফল আজ সন্ধ্যার মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জীববিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মো. মাফরুহী সাত্তার।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মুঠফোনে দেওয়া এক বার্তায় ঢাকা মনিটর ২৪-কে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
অধ্যাপক মাফরুহী সাত্তার জানান, গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ডি ইউনিটে ছেলে ভর্তিচ্ছুদের চারটি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর পরদিন বুধবার (২৪ ডিসেম্বর) মেয়ে শিক্ষার্থীদের পাঁচটি শিফটে পরীক্ষা নেওয়া হয়।
তিনি বলেন, “বিপুল সংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করায় ফলাফল প্রস্তুতের ক্ষেত্রে একেবারে ন্যূনতম সময় নিয়ে আমরা কাজ করছি। সবকিছু ঠিক থাকলে আজ সন্ধ্যার মধ্যেই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিজেদের ফলাফল দেখতে পারবে, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, এ বছর ডি ইউনিটে মোট নয়টি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৭০ হাজার ২২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।