ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন গণঅধিকারের রাশেদ খান
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতীকের বিষয়ে বড় চমক দিল গণঅধিকার পরিষদ। দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান এবার ঝিনাইদহ-৪ আসনে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে, দলটির সভাপতি নুরুল হক নুর তাঁর নিজ এলাকা পটুয়াখালী-৩ আসন থেকে দলীয় প্রতীক ‘ট্রাক’ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি জানান, নির্বাচনে জয়লাভের বিশেষ কৌশল হিসেবেই দল থেকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নুরুল হক নুর তাঁর ফেসবুক পোস্টে লেখেন, “নির্বাচনে জয়লাভের কৌশল হিসেবে দলীয় সিদ্ধান্তে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ধানের শীষ নিয়ে ঝিনাইদহ-৪ থেকে এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর দলীয় প্রতীক ট্রাক নিয়ে পটুয়াখালী-৩ থেকে নির্বাচন করবেন।”