রাবিতে আন্তঃবিভাগ তায়কোয়ান্দো: স্বর্ণ ও রৌপ্য জিতল সাংবাদিকতা বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত ৪র্থ আন্তঃবিভাগ তায়কোয়ান্দো প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী স্বর্ণ ও আরেকজন রৌপ্য পদক অর্জন করেছেন। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হয়।
স্বর্ণ ও রৌপ্য জয়ী ওই দুই শিক্ষার্থী হলেন- সাবাহ কানেতা তারিক ও কামরুজ্জামান। সাবাহ কানেতা তারিক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি নারী ইভেন্টে মাইনাস ৬৭ কেজি ক্যাটাগরিতে স্বর্ণপদক অর্জন করেছেন। অন্যদিকে, কামরুজ্জামান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি পুরুষ ইভেন্টে মাইনাস ৮০ কেজি ক্যাটাগরিতে রৌপ্যপদক অর্জন করেছেন।
শিক্ষার্থীদের এই কৃতিত্বে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিভাগের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল। তিনি বলেন, বিভিন্ন খেলার ইভেন্টে আমাদের শিক্ষার্থীদের এই ধারাবাহিক সাফল্য অত্যন্ত আনন্দদায়ক। জয়-পরাজয় যাই হোক, শিক্ষার্থীরা যে আগ্রহ নিয়ে এসব প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, তা সভাপতি হিসেবে আমার জন্য গর্বের।
বিভাগীয় প্রধান আরও জানান, ক্রীড়া ক্ষেত্রে শিক্ষার্থীদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে বিভাগের তহবিল থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও সব ধরনের সমর্থন বজায় থাকবে। সফল শিক্ষার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্যান্যদেরও শুভকামনা জানান তিনি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।