কুমিল্লায় ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনে ১০ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এসব আসনে মনোনয়নপত্র বাছাই শেষে চূড়ান্ত হয়েছিল মোট ৯০ প্রার্থীর। ফলে নতুন করে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে প্রার্থী সংখ্যা দাঁড়াল ৮০ জন।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মনোনয়নপত্র প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন- কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে খেলাফত মজলিসের সৈয়দ আবদুল কাদের এবং স্বতন্ত্র প্রার্থী মারুফ হাসান; কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে বাংলাদেশ ইসলামি ফ্রন্টের মো. আবদুস সালাম।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মোফাজ্জল হোসেন; কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনে স্বতন্ত্র প্রার্থী আমিন উর রশিদ ইয়াছিন এবং এবি পার্টির মিয়া মো. তৌফিক।
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে জামায়াতে ইসলামীর মোশাররফ হাসান; কুমিল্লা-৮ (বরুড়া) আসনে খেলাফত মজলিসের যোবায়ের হোসেন; কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে খেলাফত মজলিসের আবদুল হক আমিনী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মো. মাহবুবুর রহমান।