জামাত নেতা খুন ও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে ইবি শিবিরের বিক্ষোভ
সারা দেশব্যাপী সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজী, বিএনপি কর্তৃক জামায়াত নেতাকে খুন, দেশব্যাপী হামলা-নৈরাজ্য ও নারী হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির।
শুক্রবার (৩০ জানুয়ারি) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও কেন্দ্রীয় মসজিদে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় শিক্ষার্থীদের ‘প্ল্যান প্ল্যান কোন প্ল্যান, মানুষ মারার মাস্টার প্ল্যান’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘শিবিরের অপর নাম, আদর্শের সংগ্রাম’, ‘শেরপুরে হামলা কেন, বিএনপি জবাব চাই’, ’আমার ভাই শহীদ কেন, বিএনপি জবাব চাই’ ‘বিএনপির অনেক গুন, নির্বাচনে মানুষ খুন’, ‘বিএনপির সন্ত্রাস রুখে দাও ছাত্র সমাজ’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
সমাবেশে ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলী বলেন, জুলাই আন্দোলনে রক্ত দিয়েছি ইনসাফ কায়েম করার জন্য, বৈষম্য দূরীকরণের জন্য। কিন্তু তারা লাগামহীন ভাবে খুন, জখম, ধর্ষণ শুরু করেছে। আগস্ট পরবর্তী সময়ে তারা ক্ষমতা এসে গেছে ভেবে অপকর্ম করা শুরু করেছিলো, কিন্তু তাদের জনপ্রিয়তা এখন বহুলাংশে কমে গেছে। এজন্য তারা অপরাজনীতি শুরু করেছে।’
তিনি বলেন, ‘তারা আমাদের মা-বোনদের হেনস্তা করছে, আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু আমরা কখনো ভয় পাই না। চাঁদাবাজীদের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, মানুষের অধিকার আদায়ে, অন্যায়কারীদের ঘুম হারাম করার জন্য ইসলামী ছাত্রশিবির সবসময় প্রস্তুত আছে।’
শাখা শিবির সভাপতি বলেন, ‘আপনারা ভেবেছেন ৯০ দশকের রাজনীতিতে আবার ফিরে যাবেন, কিন্তু ছাত্র সমাজ তা কখনো হতে দেবেন না। ছাত্রশিবির বাঘের সাথে লড়াই করে আসছে, কোন বানর যদি আমাদের ভয় দেখাতে আসে তাহলে লেজ ধরে দুইটা ঘুরানি দেব সোজা মামুর বাড়িতে যেয়ে পড়বা।’