জুলাই সনদ বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ইবিতে ছাত্রশিবিরের প্রচারণা
জুলাই সনদ বাস্তবায়নে লক্ষ্যে আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটে “হ্যাঁ” পক্ষে জনমত গড়ে তুলতে প্রচারণা চালিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রশিবির।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বর থেকে এ প্রচারণা শুরু করেন তারা। এসময় তারা ক্যাম্পাসের ডায়না চত্বর, বটতলাসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে “হ্যাঁ” গণভোটের পক্ষে জনমত গড়ে তুলতে লিফলেট বিতরণ করে।
এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলী বলেন, আমরা দীর্ঘদিন ধরে অনলাইন এবং অফলাইনে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে আসছিলাম। তবে আজকে আনুষ্ঠানিকভাবে লিফলেট নিয়ে “হ্যাঁ” ভোটের পক্ষে প্রচারণা শুরু করেছি। শিক্ষার্থীদের কাছে আমাদের আহ্বান, আপনারা নিজেরাও “হ্যাঁ”-এর পক্ষে ভোট দেবেন এবং সবার কাছে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাবেন।
তিনি বলেন, গণভোটে “হ্যাঁ” জয়যুক্ত না হলে জুলাই বিপ্লবের উদ্দেশ্য ব্যাহত হবে। আপনারা সচেতন মানুষ। আপনাদের পরিবার এবং সব সাধারণ মানুষের কাছে “হ্যাঁ” ভোট দিলে কি হবে, কেন প্রয়োজন এবং কি উপকার হবে সেটা তুলে ধরবেন। আমাদের সবার প্রচেষ্টায় “হ্যাঁ” জয়যুক্ত হবে ইনশাআল্লাহ।
প্রসঙ্গত, সংস্কার কমিশনের রিপোর্ট, দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের পর গণভোটে মোট ৮৪টি সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে। গণভোটে হ্যাঁ জয় পেলে আগামী সংসদে এই ৮৪টা ধারা বাস্তবায়নে বাধ্য থাকবে। আর যদি না জয় পায় তাহলে জুলাই সনদই কার্যকর হবে না।