জুলাই হামলায় অভিযুক্তদের বিচার কার্যক্রম চলমান : চুড়ান্ত প্রতিবেদন হবে যেদিন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালের ১৪, ১৫ ও ১৭ জুলাই সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের বিরুদ্ধে চলমান বিচার কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনাগুলোর সঙ্গে সংশ্লিষ্টদের সম্পৃক্ততা নিরূপণ এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সব ধরনের তদন্তমূলক কার্যক্রম চলমান আছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইতোমধ্যে অভিযোগকারী পক্ষের বক্তব্য গ্রহণ করা হয়েছে এবং অভিযোগের স্বপক্ষে উপস্থিত স্বাক্ষীগণের স্বাক্ষ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে। পাশাপাশি প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ, সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ পর্যালোচনা এবং অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের আত্মপক্ষ সমর্থনে বক্তব্য গ্রহণের কার্যক্রমও শেষ হয়েছে।
বর্তমানে অভিযোগকারীদের উত্থাপিত অভিযোগ, গৃহীত স্বাক্ষ্য এবং অভিযুক্তদের প্রদত্ত বক্তব্য থেকে প্রাপ্ত তথ্য অধিকতর নির্ভুলভাবে যাচাই ও বিশ্লেষণের স্বার্থে পুনরায় স্বাক্ষ্য গ্রহণ বা ডাবল চেকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। এই ধাপটি তদন্তের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানিয়েছে, চলমান সব কার্যক্রম সম্পন্ন হওয়ার পর সুপারিশসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করা হবে। প্রতিবেদনটি স্বাক্ষর শেষে আগামী ১৫ এপ্রিল ২০২৬ তারিখে প্রকাশ করার লক্ষ্যে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত কার্যক্রম সম্পন্ন করে ন্যায়সংগত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে, যা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা, স্বচ্ছতা ও প্রাতিষ্ঠানিক মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।