আজ পবিত্র শবে বরাত
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী এই মহিমান্বিত রাতটি মুসলিম উম্মাহর কাছে ‘লাইলাতুল বরাত’ বা সৌভাগ্যের রজনী হিসেবে পরিচিত।
পবিত্র শবে বরাত উপলক্ষে দেশ ও বিদেশের সকল মুসলিম জনগোষ্ঠীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এক বাণীতে তিনি এই রাতকে আল্লাহর রহমত লাভের সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করার আহ্বান জানান। শবে বরাত উপলক্ষে আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) দেশে সরকারি ছুটি থাকবে।
আল্লাহর রহমত ও মাগফিরাত লাভের আশায় আজ রাতভর নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়া-দরুদের মাধ্যমে ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন ধর্মপ্রাণ মুসলমানরা। বাসা-বাড়ির পাশাপাশি মসজিদগুলোতেও থাকবে মুসল্লিদের ভিড়। অনেকে মৃত স্বজনদের কবর জিয়ারত করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করবেন।
বায়তুল মোকাররমে বিশেষ আয়োজন
পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আজ রাতভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সন্ধ্যা সাড়ে ছয়টায় শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করবেন মুফতি মাওলানা নজরুল ইসলাম কাসেমী। এরপর রাত সাড়ে আটটায় করণীয় ও বর্জনীয় বিষয়ে ওয়াজ করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
এছাড়াও সারা রাত ব্যক্তিগত ইবাদত ও জিকিরের জন্য বায়তুল মোকাররম মসজিদ খোলা থাকবে। ফজরের পর আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে। মোনাজাত পরিচালনা করবেন মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
ইসলামিক ফাউন্ডেশনের জেলা ও বিভাগীয় কার্যালয়গুলোতেও অনুরূপ আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ টেলিভিশন ও বেতারসহ বেসরকারি টিভি চ্যানেলগুলো এই রাতের গুরুত্ব তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে।
মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আজ রাতে বিশেষ মোনাজাত করা হবে।