রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৬ অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তাধারা বিকাশ ও উৎসাহিত করতে “ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। ইউরিচ (ইয়ুথ ইন রিসার্চ অ্যান্ড অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ) এবং ডিইআইইডি (DEIED) সম্মিলিতভাবে “রাজশাহী বিভাগীয় স্টার্টআপ সামিট” আয়োজন করেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ সামিট অনুষ্ঠিত হয়।
অনলাইন মাধ্যমে ভিডিও কলে আইসিটি ডিভিশনের সচীব শিষ হায়দার চৌধুরী বলেন, ‘নতুন উদ্যোক্তা তৈরি করতে স্টার্টআপ অনন্য ভূমিকা পালন করছে। সফল স্টার্টআপ যাত্রার জন্য প্রয়োজনীয় স্ট্র্যাটেজিক সাপোর্ট, যেমন- ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সঙ্গে নেটওয়ার্কিং এবং সরকারি সহায়তা প্রদান করা হবে। আমি স্টার্টআপের সফলতা কামনা করছি।’
রাবি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব উল্লেখ করেন, ‘আজকের দুনিয়াতে সবচেয়ে বড় পুঁজি হচ্ছে আইডিয়া। আমাজন, উবার—সবকিছু আইডিয়ার অংশ। আইডিয়া থাকলেও অনেক সময় সামনে এগিয়ে যাওয়া যায় না। আইডিয়া কার্যকর করার ক্ষেত্রে অনেক সমস্যা দেখা যায়। বাবা-মা আগ্রহী থাকে যে ছেলে-মেয়েরা চাকরি করবে, যা একটি সামাজিক সমস্যা সৃষ্টি করে। অনেক সময় পুঁজির সংকটের কারণে অনেক আইডিয়া কার্যকর হয় না।’
ইউরিচের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান হৃদয় বলেন, ‘সামিটের মূল উদ্দেশ্য দেশের যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং স্টার্টআপ ইকো-সিস্টেম উন্নয়নে সহায়তা প্রদান করা। নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করাই সামিটের প্রধান লক্ষ্য। নারী ও পুরুষ সবার সমান কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিত করতে আমরা সচেষ্ট।’
ক্যারিয়ার কাউন্সেলিং এর পরিচালক ও ইউরিচের অ্যাডভাইজার ড. মো. নুরুল মোমেন বলেন, ‘আমরা বিজনেস আইডিয়াকে বাস্তবতায় রূপ দিতে পারি না। ফান্ডিং না থাকলে কোনো আইডিয়া সফল হবে না। তাই আইডিয়া সফল করার ক্ষেত্রে সরকারের সহায়তা প্রয়োজন। আইডিয়াগুলো সফল হলে আমাদের আঞ্চলিক উন্নয়ন হবে।’
উল্লেখ্য, সামিটটি উত্তরবঙ্গে, বিশেষ করে রাজশাহী বিভাগে একটি স্টার্টআপ ইকো-সিস্টেম ডেভেলপ করছে, যাতে প্রত্যন্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আগ্রহী শিক্ষার্থীরা উদ্যোক্তা হওয়ার পথ খুঁজে পায়।