রাবিতে হাল্ট প্রাইজ ফাইনাল অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্তর্জাতিক সামাজিক উদ্যোক্তা প্রতিযোগিতা হাল্ট প্রাইজ ক্যাম্পাস রাউন্ড-এর গ্র্যান্ড ফাইনাল ৯ম বারের মতো অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এ প্রতিযোগিতা দুপুর ২টা থেকে শুরু হয়ে রাত ৮টায় সমাপ্ত হয়।
হাল্ট প্রাইজ একটি আন্তর্জাতিক শিক্ষার্থীভিত্তিক সামাজিক উদ্যোক্তা প্রতিযোগিতা, যা জাতিসংঘের সহযোগিতায় পরিচালিত হয়। বিশ্বজুড়ে এটি “শিক্ষার্থীদের নোবেল” নামেও পরিচিত। এই প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা বৈশ্বিক সামাজিক সমস্যার উদ্ভাবনী ও টেকসই ব্যবসায়িক সমাধান উপস্থাপনের সুযোগ পায়।
গ্র্যান্ড ফাইনালে অংশ নেওয়া দলগুলোর মধ্য থেকে চ্যাম্পিয়ন হয়েছে টিম “SIPSAFE”। প্রথম রানার্সআপ “বুনন বাজার” এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছে “The Conquerors”।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাডভাইজর ড. মো. আমিরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।
আয়োজনটি বাস্তবায়নে সহযোগিতা করে VRC Study Abroad, খান তেহেরি ঘর, REMARK, Global Heights এবং Valvoline।
বক্তারা বলেন, হাল্ট প্রাইজের মতো আন্তর্জাতিক উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের প্রতিযোগিতা ভবিষ্যতে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে এবং বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।