পাবিপ্রবিতে আন্তঃবিভাগ ভাষা বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অর্থনীতি বিভাগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) পাস্ট ডিবেটিং সোসাইটি কতৃক আয়োজিত ৯ম আন্তঃবিভাগ ভাষা বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে অর্থনীতি বিভাগের টিম মনোপলি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ফাইনালে বিশ্ববিদ্যালয়ের ভাষা চর্চা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের বিতার্কিকরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় যুক্তি, ভাষাশৈলী ও উপস্থাপনায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে অর্থনীতি বিভাগের (টিম মনোপলি) বিতার্কিক দল চূড়ান্ত বিজয় অর্জন করে।
প্রতিযোগিতায় রানারআপ হয় গনিত বিভাগ (টিম ম্যাথোফোবিয়)। বিচারকমণ্ডলী বিতার্কিকদের বিষয়বস্তুর গভীরতা, বিশ্লেষণধর্মী বক্তব্য ও সাবলীল উপস্থাপনার প্রশংসা করেন।
বিশ্লেষণধর্মী বক্তব্য ও সাবলীল উপস্থাপনার জন্য টুর্নামেন্ট সেরা ও ফাইনালে সেরা বিতর্কিক নির্বাচিত হয়েছে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মাইশা ফাহমিদা।
অনভুতি জানতে চাইলে মাইশা ফাহমিদা বলেন, পাস্ট ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত নবম আন্তঃবিভাগ ভাষা বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। প্রতিটি বছরে এই আয়োজনকে ঘিরে প্রত্যেকটি ডিপার্টমেন্টের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি জয়ের জন্য ব্যাপক আগ্রহ দেখা যায়। এই প্রতিযোগিতায় নিজের ডিপার্টমেন্টকে প্রতিনিধিত্ব করার পর চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করা সত্যিই একটি অনন্য আনন্দের অনুভূতি।
তিনি বলেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং ভবিষ্যতেও আরও অনেক মূল্যবান অভিজ্ঞতা অর্জনের প্রত্যাশা রাখি। এই সুন্দর আয়োজনটি সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানের সমাপনী পর্বে বিজয়ী দলের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের চিন্তাশক্তি, ভাষাজ্ঞান ও আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অর্থনীতি বিভাগের এ অর্জনে বিভাগটির শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।