ঢাকায় সাংবাদিকদের ওপর হামলায় রাবিসাসের নিন্দা
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)। একই সঙ্গে তারা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিবুল হাসান স্বাক্ষরিত সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।
সভাপতি ইরফান তামিম ও সাধারণ সম্পাদক সাজিদ হোসেনের যৌথ বিবৃতিতে বলা হয়, শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলন চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হামলার শিকার হন সাংবাদিকরা। একে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘সংবিধানপরিপন্থী’ বলে উল্লেখ করেন তারা।
বিবৃতিতে রাবিসাস নেতৃবৃন্দ বলেন, গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর সরাসরি হামলা চরম উদ্বেগের। এর আগেও সাংবাদিকদের হুমকি ও নির্যাতনের ঘটনায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকরী কোনো পদক্ষেপ দেখা যায়নি, যা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়।
হামলায় জড়িতদের শাস্তির পাশাপাশি সাংবাদিকদের ওপর নির্যাতনের পুনরাবৃত্তি রোধে সরকারকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।