এইচএসটিইউতে স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের নতুন নেতৃত্বে রোখসানা-প্রিতু
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অব এইচএসটিইউ (এসডিসিএইচ) এর ২০২৬ সালের কমিটি গঠিত হয়েছে। এই ক্লাবের নেতৃত্বে প্রথমবারের মতো আসছেন নারী শিক্ষার্থীরা।
নতুন এ কমিটিতে রোখসানা আফরোজকে সভাপতি এবং নুজহাত নাওয়াল প্রিতুকে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির অনুমোদন দেন স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অব এইচএসটিইউ’র উপদেষ্টা ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা।
অনুভূতি প্রকাশ করে সভাপতি রোখসানা আফরোজ বলেন, ‘আমি সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহন করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আমি চাই SDCH কে শিক্ষার্থীদের জন্য আরো শক্তিশালী স্কিল-বিল্ডিং প্লাটফর্ম হিসেবে গড়ে তুলতে । এই লক্ষ্যেই কাজ করতে চাই শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নে, যেন তারা আত্মবিশ্বাসী, যোগ্য হিসাবে নিজেকে গড়ে তুলতে পারে।’
সাধারণ সম্পাদক নুজহাত নাওয়াল প্রিতু বলেন, ‘স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অফ এইচএসটিইউ সবসময় নেতৃত্ব ও দক্ষতার সমন্বয়ে বিশ্বাস করে। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণের পাশাপাশি প্রথমবার নারী নেতৃত্বে এই কমিটির অংশ হতে পারা আমার জন্য গর্বের। আমরা বিশ্বাস করি, এই নতুন কমিটি আরও গতিশীলভাবে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করবে এবং ক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’
উল্লেখ্য, পাবলিক স্পিকিং, ক্রিটিকাল থিংকিং, লিডারশিপ, কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং স্কিলে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে পাবলিক স্পিকিং কনটেস্ট, সৃজনশীল লেখালেখির প্রতিযোগিতা, পোস্টার ডিজাইন প্রতিযোগিতা, বহুমাত্রিক সৃজনশীল আইডিয়া প্রতিযোগিতাসহ নানা প্রতিযোগিতার আয়োজন করে থাকে সংগঠনটি।