শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা
শপথ গ্রহণের মধ্য দিয়ে সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির প্রার্থীরা। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। তাঁদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সকাল সাড়ে ১০টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একে একে শপথ নেন বিএনপির প্রার্থীরা। জানা গেছে, বিএনপির সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষ হওয়ার পর জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের নবনির্বাচিত সদস্যদের শপথ নেওয়ার কথা রয়েছে।
শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে জানান, এখনই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি শপথ নিচ্ছে না। এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বিএনপি ও তাদের মিত্র দলগুলো মোট ২১২টি আসনে জয়লাভ করে। এর মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসন পেয়েছে এবং তাদের জোটের শরীকরা পেয়েছে ৩টি আসন। আজকের শপথ গ্রহণের মাধ্যমে নতুন সরকার গঠনের প্রক্রিয়া আরও একধাপ এগিয়ে গেল।