শিক্ষিকা হত্যার ঘটনায় ইবি গ্রীণ ফোরামের নিন্দা ও শোক প্রকাশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ অফিস কক্ষে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছে জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন গ্রীন ফোরাম।
বৃহস্পতিবার (৫ মার্চ) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজ অফিস কক্ষে একজন শিক্ষকের হত্যাকাণ্ড সংঘটিত হওয়া সত্যিই উদ্বেগের বিষয়। বিশ্ববিদ্যালয়ের মতো জ্ঞানচর্চার পবিত্র অঙ্গনে এমন বর্বরোচিত ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
ঘাতক ওই বিভাগেরই প্রাক্তন অস্থায়ী কর্মচারী এবং বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে কর্মরত বলে উল্লেখ করেন তাঁরা।
গ্রীন ফোরামের নেতৃবৃন্দ অবিলম্বে এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দোষীর যথাযথ শাস্তি নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। একই সাথে তাঁরা ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বিবৃতিতে গ্রীন ফোরামের পক্ষ থেকে মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।
উল্লেখ্য, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে সমাজকল্যাণ বিভাগে আসমা সাদিয়া রুনাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ তাঁকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বগত চিকিৎসক তার মৃত্যুর খবর নিশ্চিত করে। তার মৃত্যুর খবরে ক্যাম্পাস জুড়ে শোকের ছায়া নেমে আসে।