ঈদে দূর পাল্লার বাস সার্ভিস দিবে জাকসু : যেভাবে আবেদন করবেন
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শিক্ষার্থীদের বাড়ি ফেরা সহজ করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এর উদ্যোগে দূরপাল্লার বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে চারটি জেলায় শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে।
জাকসু’র সূত্রে জানা গেছে, আগামী ১১ মার্চ ২০২৬ (বুধবার) সকাল ৬টা থেকে বাসগুলো ছেড়ে যাবে। বাস ছাড়ার নির্ধারিত স্থান হলো বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বর। যাত্রী পরিবহনের জন্য BRTC ডাবল ডেকার বাস ব্যবহার করা হবে এবং প্রতিটি বাসে মোট ৭৫টি আসন থাকবে।
এ বিষয়ে জাকসুর পরিবহন সম্পাদক মো. তানভীর রহমান জানান, শিক্ষার্থীদের নির্ধারিত ভাড়া পরিশোধ করে সিট বুকিং করতে হবে। ৮ মার্চ ২০২৬ (রবিবার) পর্যন্ত সিট বুকিং করা যাবে। তবে প্রতিটি বাসে সব সিট পূরণ সাপেক্ষে বাসগুলো নির্ধারিত গন্তব্যে ছেড়ে যাবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
এবার চারটি রুটে বাস চলাচলের পরিকল্পনা করা হয়েছে। রুটগুলো হলো—ক্যাম্পাস থেকে রংপুর (ভায়া যমুনা সেতু–সিরাজগঞ্জ), ক্যাম্পাস থেকে বগুড়া (ভায়া যমুনা সেতু–সিরাজগঞ্জ), ক্যাম্পাস থেকে খুলনা (ভায়া পদ্মা সেতু – ভাঙ্গা – মুকসুদপুর – ভাটিয়াপাড়া – গোপালগঞ্জ – বাগেরহাট) এবং ক্যাম্পাস থেকে বরিশাল (ভায়া পদ্মা সেতু – ভাঙ্গা – মাদারিপুর)।
সংশ্লিষ্টরা জানান, প্রতিটি রুটের জন্য আলাদা গুগল ফর্ম দেওয়া হয়েছে, যেখানে বিস্তারিত তথ্য ও বুকিংয়ের নির্দেশনা উল্লেখ রয়েছে। শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম পূরণ করে সিট নিশ্চিত করতে পারবেন।
উদ্যোগটির ফলে ঈদ উপলক্ষে দূরবর্তী জেলায় যাতায়াতকারী শিক্ষার্থীরা তুলনামূলক সহজ ও নিরাপদে বাড়ি ফিরতে পারবেন বলে আশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
ক্যাম্পাস থেকে বগুড়া রুটের জন্য বুকিং দিতে এখানে ক্লিক করুন।
ক্যাম্পাস থেকে রংপুর রুটের জন্য বুকিং দিতে এখানে ক্লিক করুন।
ক্যাম্পাস থেকে খুলনা রুটের জন্য বুকিং দিতে এখানে ক্লিক করুন।
ক্যাম্পাস থেকে বরিশাল রুটের জন্য বুকিং দিতে এখানে ক্লিক করুন।