জাবিতে প্রথমবার ছাত্রী সংস্থার ইফতার আয়োজন, উপস্থিত ৬ শতাধিক শিক্ষার্থী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথমবারের মতো ছাত্রী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
রোববার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নারীদের খেলার মাঠ প্রাঙ্গনে এ ইফতার অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ও কুপন পদ্ধতি চালু করা হয়েছিল।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় ৬০০ নারী শিক্ষার্থী এতে রেজিস্ট্রেশন করেন। তবে উপস্থিতির সংখ্যা রেজিস্ট্রেশনের চেয়েও কিছুটা বেশি ছিল। আয়োজকদের দাবি, উপস্থিত সকল শিক্ষার্থীই ইফতার পেয়েছেন এবং পুরো আয়োজনের পরিবেশ ছিল অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল।
ইফতার আয়োজনের পাশাপাশি অনুষ্ঠানে ছিল কয়েকটি ব্যতিক্রমী উদ্যোগ। এর মধ্যে অন্যতম ছিল মেহেদী কর্নার, যেখানে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে একে অপরকে মেহেদী দিচ্ছিলেন। এছাড়া ছিল একটি প্রকাশনা কর্নার। যেখানে ছাত্রী সংস্থার প্রকাশিত নোটবুক, ডায়েরি, ক্যালেন্ডারসহ বিভিন্ন সামগ্রী প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত ও নাশিদেরও আয়োজন করা হয়, যা পুরো পরিবেশকে আরও আধ্যাত্মিক ও প্রাণবন্ত করে তোলে। তাছাড়া ইফতারে উপস্থিত সকল শিক্ষার্থীর জন্য উপহারের ব্যবস্থাও রাখা হয়। উপহার পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন এবং এমন উদ্যোগের জন্য আয়োজকদের প্রশংসা করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রী সংস্থার সভানেত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, জাহাঙ্গীরনগরের ইতিহাসে ছাত্রী সংস্থার পক্ষ থেকে এ ধরনের বড় আকারের ইফতার আয়োজন আগে হয়েছে কি না, সে বিষয়ে আমি নিশ্চিত নই। তবে আমি জাহাঙ্গীরনগরে আসার পর এই প্রথম আমরা বড় পরিসরে এমন একটি ইফতার মাহফিলের আয়োজন করলাম।
তিনি বলেন, প্রথমবার হওয়ায় আমরা ৬০০ জনের জন্য আয়োজন করেছি এবং রেজিস্ট্রেশন ও টোকেন পদ্ধতি চালু করেছি যাতে সবাই সুশৃঙ্খলভাবে অংশ নিতে পারে। পাশাপাশি আমরা একটি প্রকাশনা কর্নার ও মেহেদী কর্নারও রেখেছি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী সংস্থার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা ইতোমধ্যে কিছু কার্যক্রম শুরু করেছি। খুব শিগগিরই আমাদের কার্যক্রম সম্পন্ন হবে এবং ইনশাআল্লাহ আমাদের পেইজে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।