মাভাবিপ্রবির শিক্ষার্থী আল ফুয়াদের ‘স্ট্র্যাটেজিক ক্রেডিট ম্যানেজমেন্ট’ বইয়ের মোড়ক উন্মোচন
অমর একুশে বইমেলা–এ উন্মোচিত হয়েছে করপোরেট ব্যক্তিত্ব, স্ট্র্যাটেজিক ক্রেডিট কোচ ও গবেষক এ. টি. এম. আবদুল্লাহ-আল-ফুয়াদ–এর নতুন বই ‘স্ট্র্যাটেজিক ক্রেডিট ম্যানেজমেন্ট: ব্যবসা বাঁচানোর বিজ্ঞান ও অর্থ আদায়ের কৌশল’।
শুক্রবার (৬ মার্চ) বেলা ২টা ৫০ মিনিটে মেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লেখকের মা জান্নাতুল ফেরদৌসী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অভিনেতা, কথাসাহিত্যিক ও কবি এ বি এম সোহেল রশিদ, আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত বিশিষ্ট ব্যক্তিত্ব জিয়াউল আলম চৌধুরী, পুষ্টিবিদ শারমিন আক্তার এবং চিকিৎসক ডা. আদিবা ইসলাম ফারিন। এছাড়াও অনুষ্ঠানে খুদে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল- লেখকের পুত্র ফালাক আবদুল্লাহ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লেখক বলেন, পেশাগত জীবনে ক্রেডিট রিকভারি নিয়ে কাজ করতে গিয়ে তিনি দেখেছেন যে অনেক সময় সঠিক কাঠামোর অভাবে ভালো মানুষও খেলাপি হয়ে পড়েন, নিষ্ঠাবান কর্মীরাও ব্যর্থ হন এবং সম্ভাবনাময় প্রতিষ্ঠান ঝুঁকির মুখে পড়ে। তার মতে, ক্রেডিট ম্যানেজমেন্ট কেবল খাতার হিসাব বা টাকা আদায়ের বিষয় নয়; বরং এটি বিশ্বাস, কৌশল এবং ন্যায়ের সমন্বিত প্রয়োগ। জোর করে নয়, বরং সঠিক কৌশল ও আচরণের মাধ্যমে অর্থ আদায়ের মানবিক ও বৈজ্ঞানিক দিকটিই বইটিতে তুলে ধরা হয়েছে।
বইটি মূলত দেশের উদ্যোক্তা, করপোরেট পেশাজীবী, ক্রেডিট ম্যানেজার, ব্যাংকার এবং অর্থনীতি বা ক্রেডিট ব্যবসা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের জন্য রচিত। এতে একটি দুর্বল বা ঝুঁকিপূর্ণ ব্যবসাকে পুনরুদ্ধারের কৌশল হিসেবে গ্রাহক বিশ্লেষণ, ক্রেডিট অনুমোদনের সঠিক প্রক্রিয়া, ঝুঁকি ব্যবস্থাপনা (রিস্ক ম্যানেজমেন্ট), মাঠপর্যায়ে টিম ম্যানেজমেন্ট ও নেতৃত্বের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পাশাপাশি আইনি কাঠামোর পাশাপাশি সমাজভিত্তিক রিকভারি এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি (ADR) নিয়েও আলোকপাত করা হয়েছে।
লেখক এ. টি. এম. আবদুল্লাহ-আল-ফুয়াদ বর্তমানে Walton Hi-Tech Industries PLC–এ ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর এবং আর্লি রিকভারি ইনচার্জ হিসেবে কর্মরত। কর্মজীবনের অভিজ্ঞতা থেকেই তিনি বইটি রচনা করেছেন। তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–এর ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে এমফিল ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে তিনি ‘পুরুষদের প্রতি পারিবারিক সহিংসতা’ বিষয়ক পিএইচডি গবেষণায় নিয়োজিত। এছাড়া যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সার্টিফায়িং প্রতিষ্ঠান Edupro UK থেকে রিস্ক ও কমপ্লায়েন্স ম্যানেজমেন্টে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা অর্জন করেছেন।
‘বই বাজার প্রকাশনী’ থেকে প্রকাশিত এই বইটি মেলার ২০৮–২১০ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। ৪৫০ টাকা মূল্যের বইটি অনলাইন বুকশপ Rokomari.com থেকেও সংগ্রহ করা যাচ্ছে।