জাবিতে নারী শিক্ষার্থীকে অশ্লীল মন্তব্য করায় বহিষ্কার, তদন্ত কমিটি গঠন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও মন্তব্যের উত্তর করতে গিয়ে এক নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ ও হুমকিমূলক মন্তব্য করায় অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ও তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ভুক্তভোগী সেই নারী শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫১ তম আবর্তনের মনিষা সরকার। অভিযুক্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৫০তম আবর্তনের গোলাম রাব্বানী। তিনি ‘Tuco The Ugly’ নামে একটি ফেসবুক পেজের কনটেন্ট নির্মাতা হিসেবেও পরিচিত।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত একটি অফিস আদেশ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক নারী শিক্ষার্থী অভিযোগ করেন যে, বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী গোলাম রব্বানী তার প্রতি সহিংসতার হুমকি, অশালীন ভাষা ব্যবহার এবং হুমকিমূলক আচরণ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য প্রণীত শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ–২০১৮ অনুযায়ী একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গঠিত তদন্ত কমিটির সভাপতি করা হয় সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তমালিকা সুলতানাকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন- সহকারী প্রক্টর ড. মো. আল-আমিন খান, জনাব সামসুন্নাহার খন্দকার ও ড. শাহাদাত হোসেন। এছাড়া ডেপুটি রেজিস্ট্রার মো. সোহেল রানা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এছাড়াও, অভিযুক্ত শিক্ষার্থী গোলাম রব্বানীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ–২০১৮ এর ধারা ৪(১)(খ) অনুযায়ী সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারকালীন সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ে অবস্থান করতে পারবেন না বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।