এআই দক্ষতা বাড়াতে রাবি সায়েন্স ক্লাবের ওয়েবিনার অনুষ্ঠিত
শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দক্ষ করে তোলার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উদ্যোগে ‘Prompt Engineering: The Key to AI Communication’ শীর্ষক একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৫ মার্চ) রাতে গুগল মিট প্ল্যাটফর্মে এ আয়োজন করা হয়।
ওয়েবিনারে প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন এডটেক প্ল্যাটফর্ম ওস্তাদ (Ostad)-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সৌরভ বড়ুয়া। তিনি প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের ধারণা এবং বাস্তব উদাহরণের মাধ্যমে কীভাবে এআই টুল থেকে কার্যকর ফলাফল পাওয়া যায় তা নিয়ে আলোচনা করেন। এছাড়া শিক্ষা, গবেষণা ও পেশাগত কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও সম্ভাবনা নিয়ে কথা বলেন তিনি।
রাবি সায়েন্স ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মায়শা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সভাপতি খালিদ মাহমুদ। তিনি বলেন, ‘প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে দক্ষ করে তোলা সময়ের দাবি। কৃত্রিম বুদ্ধিমত্তা ইতোমধ্যেই শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের সচেতন ও দক্ষ করে তুলতেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।’
ওয়েবিনারে ভার্চুয়ালি আরও যুক্ত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি আবিদ হাসান, আজীবন সদস্য ও সাবেক সহ-সভাপতি মো. আসাদুল ইসলাম, সাবেক সভাপতি শেখ সৈকত এবং রাকসু’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তোফায়েল আহমদ তোফা। এছাড়া ক্লাবের সহ-সভাপতি মো. আবু জুবায়ের, সোহরাব উদ্দিন, দিগন্ত দে, সাধারণ সম্পাদক ইফতিয়ান আহমেদ ও কোষাধ্যক্ষ সুলাইমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী এই ওয়েবিনারে অংশ নেন। আয়োজন শেষে অংশগ্রহণকারীদের মাঝে ই-সার্টিফিকেট প্রদান করা হয়।