মাভাবিপ্রবি ছাত্রদল নেতা সুমনের উদ্যোগে চালু হচ্ছে ইমার্জেন্সি মেডিসিন সাপ্লাই
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) আবাসিক হলের শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি সুমন মিয়ার উদ্যোগ ও মাওলানা ভাসানী ফাউন্ডেশন এবং ফার্মাসি বিভাগের সহযোগিতায় চালু হতে যাচ্ছে ইমার্জেন্সি মেডিসিন (EMS) সেবা।
আগামী ১ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের সাতটি আবাসিক হলে এ কার্যক্রম শুরু হবে। এই সেবার মাধ্যমে গভীর রাতে অসুস্থ হয়ে পড়া আবাসিক শিক্ষার্থীদের জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করা হবে। প্রতিদিন রাত ১০টা থেকে ১টা পর্যন্ত এই সেবা চালু থাকবে।
উদ্যোক্তা সুমন জানান, অনেক সময় গভীর রাতে শিক্ষার্থীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেও বাইরে থেকে দ্রুত ওষুধ সংগ্রহ করা সম্ভব হয় না। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা সহায়তা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে কিছু প্রয়োজনীয় Over-the-Counter (OTC) ওষুধ দিয়ে কার্যক্রম শুরু করা হবে, যেগুলো সাধারণত চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই ব্যবহারযোগ্য।
তিনি বলেন, সেবার আওতায় আপাতত জ্বর, বমিভাব বা বমি, সর্দি-কাশি বা অ্যালার্জি, ডায়রিয়া ও ডিহাইড্রেশন, গ্যাস্ট্রিক বা অতিরিক্ত অ্যাসিডিটি এবং কাটা-ছেঁড়াজনিত সমস্যায় প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হবে। এসবের মধ্যে রয়েছে প্যারাসিটামল জাতীয় জ্বরের ওষুধ, অ্যালার্জির ওষুধ, ওআরএস, গ্যাস্ট্রিকের ওষুধ, ডায়রিয়ার ওষুধ এবং ক্ষত পরিষ্কারের দ্রবণ ও ব্যান্ডেজ।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে শিক্ষার্থীদের জন্য ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হবে। তবে জরুরি প্রয়োজন অনুযায়ী সীমিত পরিমাণে ওষুধ প্রদান করা হবে।
জানা যায়, এই কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করবেন ফার্মাসি বিভাগের শিক্ষার্থী ও ফার্মা ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আবির হাসান, ফার্মা ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মো. নাফিজ ইশতিয়াক এবং মওলানা ভাসানী ছাত্র ফাউন্ডেশনের প্রকাশনা সম্পাদক তাসনিম রহমান ঐশী। এছাড়া ফার্মেসি বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের সমন্বয়ে হলভিত্তিক প্রতিনিধি গঠন করে এ সেবা প্রদান করা হবে।