তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার ইউএনও ওএসডি

তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার ইউএনও ওএসডি

সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় নোয়াখালীর হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে দায়িত্ব থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় সিনিয়র সহকারী সচিব মো. তানভীর হাসান রুমানের স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে সোমবার (১৬ মার্চ) বিভিন্ন ফেসবুক আইডি থেকে ইউএনও মো. আলাউদ্দিনের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। প্রায় ২৯ সেকেন্ডের ওই ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। যা নিয়ে জেলাজুড়ে এবং দেশব্যাপী তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

অভিযোগের বিষয়ে ইউএনও মো. আলাউদ্দিন দাবি করেছেন, ভিডিওটি ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, আগের কর্মস্থল সুনামগঞ্জের তাহেরপুর এলাকা থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওটি ছড়ানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওটি ভাইরাল হওয়ার খবর পাওয়ার পর সোমবার সকালেই তিনি কর্মস্থল ত্যাগ করে জেলা সদরের উদ্দেশে রওনা দেন। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে ইউএনও কার্যালয়ের একাধিক কর্মকর্তা জানান, তারা সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি অবগত হয়েছেন। তবে ভিডিওতে থাকা নারীর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। ঘটনাটি ঘিরে নানা গুঞ্জন থাকলেও কেউ কেউ এটিকে ‘হানিট্র্যাপ’ হিসেবেও দেখছেন।