স্বাধীনতার ৫৫ বছরেও বৈষম্য কাটেনি: জাবি উপাচার্য
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরেও দেশের মানুষ বিভিন্ন সময়ে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক বৈষম্যের শিকার হয়েছেন।
বুধবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বার্তায় তিনি এ কথা বলেন।
বার্তায় উপাচার্য মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী শহীদদেরও স্মরণ করেন। এছাড়া আন্দোলনে আহত, নির্যাতিত ও পঙ্গুত্ব বরণকারী ব্যক্তিদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান।
উপাচার্য বলেন, মহান স্বাধীনতা সংগ্রাম কেবল ৯ মাসের সশস্ত্র যুদ্ধ নয়; এর ভিত্তি গড়ে উঠেছিল ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। এটি বৈষম্য, বঞ্চনা ও নিপীড়নের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের ফসল।
তিনি উল্লেখ করেন, স্বাধীনতার ৫৫ বছর পরেও দেশের মানুষ বিভিন্ন সময়ে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক বৈষম্যের শিকার হয়েছেন। তবে বাঙালি জাতি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। ন্যায্যতা ও অধিকার আদায়ে সবসময় সোচ্চার থেকেছে এবং প্রয়োজনে রাজপথে নেমে সংগ্রাম করেছে।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে মানুষের ওপর চাপিয়ে দেওয়া শাসন ব্যবস্থার পর বর্তমানে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। স্বাধীনতার এই পর্যায়ে জনগণ আশা করছে, সরকার দেশ ও জাতির কল্যাণে কাজ করবে এবং জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।
পরিশেষে তিনি আশা প্রকাশ করেন, স্বাধীনতা ও জাতীয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ এগিয়ে যাবে সাম্য, ন্যায় ও গণতন্ত্রের পথে।