গুচ্ছভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষায় জাবিপ্রবি’তে উপস্থিতির হার ৮৫.৮৮ শতাংশ
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (GST) পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের পরীক্ষা শেষ হয়েছে। এতে উপস্থিতির হার ছিল ৮৫.৮৮ শতাংশ।
আজ শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ২৫৫ জন পরীক্ষার্থীর আসন ছিল যেখানে উপস্থিত ছিলেন ২১৯ জন পরীক্ষার্থী।
এর আগে সকাল ৯টা থেকেই ভর্তিচ্ছু পরিক্ষার্থীরা বিভিন্ন স্থান থেকে নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে। জামালপুর, শেরপুরসহ আশপাশের বিভিন্ন জেলার শিক্ষার্থীদের পছন্দের কেন্দ্র ছিল জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্র।
ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, রেজিস্ট্রার মোহাম্মদ নুর-হোসেন চৌধুরী সহ প্রশাসনের সদস্যরা, হেল্প ডেস্ক ও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাদীকুর রহমান বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের নির্দেশনা দিতে হেল্প ডেস্ক বসানো হয়েছে। পাশাপাশি, রোভার স্কাউট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সুষ্ঠু ও সুন্দরভাবেই ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ পাওয়া যায়নি।
পরীক্ষার হল পরিদর্শন করে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। আমি কক্ষ পরিদর্শন করে দেখেছি সবকিছুই সুন্দরভাবে চলছে।
এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ভলেন্টিয়ারদের ধন্যবাদ জানান।