দেশের ১৯টি জ্বালানি তেলের ডিপোতে বিজিবি মোতায়েন
মধ্যপ্রাচ্যে চলমান সংকটের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় দেশে তেলের অবৈধ মজুত ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা রোধে দেশের ৯টি জেলার ১৯টি তেলের ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
আজ শনিবার (২৮ মার্চ) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, বিশ্ববাজারে তেলের অস্থিরতার সুযোগ নিয়ে দেশে কেউ যাতে অননুমোদিতভাবে জ্বালানি তেল মজুত করতে না পারে, সেজন্যই এই পদক্ষেপ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় গত ২৫ মার্চ সকাল থেকে বিজিবি সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ ডিপোগুলোর নিরাপত্তা ও তদারকির দায়িত্ব পালন করছেন।
বিজিবি সদর দপ্তরের তত্ত্বাবধানে একটি সুপরিকল্পিত কাঠামোর আওতায় এই কার্যক্রম চলছে। রংপুর, রাজশাহী ও কুমিল্লা জেলায় ৩টি করে ডিপো, কুড়িগ্রাম ও সিলেট জেলায় ২টি করে ডিপো এবং ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় ১টি করে— সব মিলিয়ে ৯টি জেলার ১৯টি ডিপোতে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছেন।
দায়িত্ব পালনের সুবিধার্থে ডিপোগুলোর কাছেই বিজিবির অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। একজন কর্মকর্তার নেতৃত্বে বিজিবি সদস্যরা নিয়মিত টদারকি করছেন। নাশকতা রোধ, অবৈধ মজুত ও বিক্রি বন্ধে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
ডিপোর পাশাপাশি সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল, নৌ-টহল এবং চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ করে সীমান্ত দিয়ে যাতায়াতকারী ট্রাক ও লরিগুলোতে নিয়মিত তল্লাশি নিশ্চিত করা হয়েছে যাতে কোনোভাবেই জ্বালানি তেল দেশের বাইরে পাচার না হতে পারে।