জাবিতে ৭ পদে ১৯ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে মোট ১৯ জন শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলা বিভাগে ১টি সহযোগী অধ্যাপক (স্থায়ী), ইংরেজি বিভাগে ১টি সহকারী অধ্যাপক (স্থায়ী) পদে নিয়োগ দেওয়া হবে।
এছাড়া অর্থনীতি বিভাগে ৩টি, চারুকলা বিভাগে ২টি (পেইন্টিং ও ক্র্যাফট অ্যান্ড ফ্যাশন ডিজাইন), পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগে ৩টি (স্থায়ী ১, অস্থায়ী ২), বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩টি (স্থায়ী ১, অস্থায়ী ২), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩টি (স্থায়ী ১, অস্থায়ী ২), ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)-তে ২টি এবং পরিসংখ্যান ও উপাত্তবিজ্ঞান বিভাগে ১টি প্রভাষক (স্থায়ী) পদে নিয়োগ দেওয়া হবে।
বেতন স্কেল অনুযায়ী, সহযোগী অধ্যাপক পদের জন্য ৫০,০০০-৭১,২০০ টাকা, সহকারী অধ্যাপক পদের জন্য ৩৫,৫০০-৬৭,০১০ টাকা এবং প্রভাষক পদের জন্য ২২,০০০-৫৩,০৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত অনলাইন ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদন ফরম প্রিন্ট করে প্রভাষক ও সহকারী অধ্যাপক পদের জন্য ৭ সেট এবং সহযোগী অধ্যাপক পদের জন্য ১০ সেট কপি পেমেন্ট রশিদসহ রেজিস্ট্রার অফিসে জমা দিতে হবে।
এক্ষেত্রে আবেদন ফি ৬০০ টাকা, এর সঙ্গে ১.২০ শতাংশ সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।
উল্লেখ্য, প্রভাষক ও সহকারী অধ্যাপক পদের জন্য আবেদনের শেষ তারিখ ১৫ এপ্রিল ২০২৬ এবং প্রিন্ট কপি জমা দেওয়ার শেষ তারিখ ১৬ এপ্রিল ২০২৬। সহযোগী অধ্যাপক পদের জন্য আবেদন করা যাবে ২১ এপ্রিল ২০২৬ পর্যন্ত এবং প্রিন্ট কপি জমা দিতে হবে ২২ এপ্রিল ২০২৬-এর মধ্যে।