জ্বালানি সংকটে জাবিতে প্রতিদিন এক ঘণ্টা লোডশেডিং
জাতীয় পর্যায়ে জ্বালানি স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিদিন বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত লোডশেডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপকেন্দ্র তার প্রয়োজনীয় বিদ্যুতের মাত্র এক-তৃতীয়াংশ পাচ্ছে। ফলে পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে নিয়মিত লোডশেডিং কার্যক্রম চালু করা হয়েছে।
সাভারের শিমুলতলায় অবস্থিত পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জোনাল অফিস থেকে প্রাপ্ত তথ্যে বলা হয়েছে, জাতীয় জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ পরিস্থিতিতে সকলের সহযোগিতা কামনা করেছে।